করোনার অ্যান্টিবডি পরীক্ষা করবে থ্রিডি প্রিন্টেড চিপ
মানব দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষায় এবার থ্রিডি প্রিন্টেড টেস্ট চিপ নিয়ে পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। এই চিপের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্টিবডি বের করার পাশাপাশি কোনো ব্যক্তি নতুন টিকার নেওয়ার পর কতোটা রোগ প্রতিরোধী হবেন তাও জানা যাবে।
উদ্ভাবনের পর এই চিপ নিয়ে পরীক্ষা করছেন কার্নেগি মেলন ইউনিভার্সিটির এক দল গবেষক। কার্নেগি মেলনের যন্ত্র প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রাহুল পানাত সাইটেকডেইলি-কে জানিয়েছেন, ডিভাইসটি বানাতে উন্নত উপাদান এবং ন্যানোপার্টিকল ৩ডি প্রিন্টিংয়ের মতো উৎপাদনকে কাজে লাগিয়েছেন তারা। এটি দ্রুত কোভিড-১৯ এর অ্যান্টিবডি শনাক্ত করতে পারছে।
এই গবেষণায় ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টারের ক্যান্সার ভাইরোলজি প্রকল্প প্রধান শৌ-জিয়াং গাও এবং পানাতের অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ল্যাবের গবেষক আজহার আলির সঙ্গে কাজ করেছেন পানাত।
পরীক্ষায় দেখা গেছে, ছোট এক বিন্দু রক্তে (প্রায় পাঁচ মাইক্রোলিটার) এস১ প্রোটিন এবং রিসেপটর বাইন্ডিং ডোমেইন (আরবিডি) এই দুই অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করতে পারে। ইলেক্ট্রোকেমিক্যাল প্রতিক্রিয়ার মাধ্যমে অ্যান্টিবডি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে সেই ফলাফল স্মার্টফোনে দেখয়েছে। শরীরে অ্যান্টিবডির উপস্থিতি অনেক কম হলেও তা, শনাক্ত করতে সক্ষম থ্রিডি প্রিন্টেড টেস্ট চিপটি।
পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে অ্যাডভান্সড ম্যাটিরিয়াল জার্নালে।